বগুড়া শহর শ্রমিকলীগের সভাপতি তুফান সরকার কর্তৃক কিশোরীকে ধর্ষণ ও মাথা ন্যাড়া করার ঘটনায় যখন গোটা দেশ তোলপাড় ঠিক সেই সময়ে জেলার ধুনট উপজেলায় মাতাল অবস্থায় বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় যুবলীগ নেতা শাহ আলী (৩০)।
স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে। শাহা আলী উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য এবং পৌরশহরের পূর্ব ভরনশাহী গ্রামের ইমান আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাতে যুবলীগ নেতা শাহ আলীসহ কয়েকজন যুবক ধুনট শহরের সোনামুখী সড়কের পূর্বপাশে একটি বাসার অদুরে সরকারি অফিসের সামনে বসে মাদকদ্রব্য সেবন করে। সেখানে অতিরিক্ত মাদক দ্রব্য সেবনের ফলে বেসামাল হয়ে পড়ে শাহ আলী। এরপর সীমানা প্রাচীর টপকে বাসার ভেতর প্রবেশ করে মাতলামি শুরু করে। একপর্যায়ে শাহ আলী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শাহ আলীকে আটক করে থানায় খবর দেয়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বাসায় ঢুকে অপ্রীতিকর ঘটনার অভিযোগে মাদকাসক্ত অবস্থায় শাহ আলীকে আটক করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পেয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে, মঙ্গলবার দুপুরে এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন