দিল্লি: এবার কাশ্মীরের স্বাধীনতাকামীদের সংগঠন হিজবুল মুজাহিদিনে নাম লেখালেন ভারতীয় সেনা জওয়ান জহুর আহমেদ ঠোকার। সেনা জওয়ানের এভাবে স্বাধীনতাকামীদের দলে নাম লেখানোর ঘটনায় উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার।
কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ঠোকার জওয়ান হিসেবে বারামুলার ১৭৩ নম্বর টেরিটোরিয়াল সেনা দফতরে মোতায়েন ছিলেন। গত ৫ জুলাই তিনি নিজের সার্ভিস রাইফেল ও তিনটি ম্যাগাজিন নিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি সেনা বাহিনী। সম্প্রতি একটি ভিডিও বার্তায় ঠোকার দাবি করেছেন, তিনি এখন হিজবুলের সদস্য।
দু’বছর ধরে বারামুলাতে মোতায়েন ছিলেন ঠোকার। তদন্তে জানা গেছে, গত ছ’মাস ধরেই ওই জওয়ান হিজবুল গোষ্ঠীর সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলছিলেন। ওই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঠোকারের কাছে তথ্য থাকায় ভবিষ্যতে সেখানে হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
গোয়েন্দারা জানিয়েছেন, বাহিনী থেকে বেরিয়ে সোজা পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে চলে যান ওই সেনা। সেখানে শীর্ষ হিজবুল নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় ঠোকারের।
জানা গেছে, তাকে দলে নেয়া হবে কিনা তা নিয়ে হিজবুল কম্যান্ড কাউন্সিলের একটি বৈঠকও হয়। যেখানে উপস্থিত ছিলেন শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিনও। ওই বৈঠকেই ঠোকারের অন্তর্ভুক্তির বিষয়ে চূ়ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। তারপরেই হিজবুলের পক্ষ থেকে ই-মেইল করে এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানানো হয়। ওই ই-মেইলে হিজবুলের পক্ষ থেকে বলা হয়েছে, ঠোকার তাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা হিজবুল নেতৃত্বের।
এর আগে জম্মু-কাশ্মীর পুলিশের বেশ কয়েক জন সদস্য স্বাধীনতাকামীদের দলে নাম লিখিয়েছিলেন। কিন্তু সেনা থেকে সরাসরি স্বাধীনতাকামীদের দলে যোগ দেয়ার ঘটনা এই প্রথম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন